মুক্তির প্রথম দিনেই দর্শকদের দারুণ সাড়া পেয়েছে শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’। প্রথম দিন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মোট ১৮টি শো পেলেও দর্শক চাহিদা ও টিকিট বিক্রির ইতিবাচক প্রতিক্রিয়ায় দ্বিতীয় দিনেই শোর সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৩৬টি। অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে দ্বিগুণ হয়েছে ‘রকস্টার’-এর প্রদর্শনী। সিনেমা সংশ্লিষ্টরা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, ঈদকে কেন্দ্র করে দর্শকদের আগ্রহ ও অগ্রিম টিকিট বুকিংয়ের চাপেই শো সংখ্যা বাড়ানো হয়েছে। বিশেষ করে তরুণ ও পারিবারিক দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। রোমান্স, মিউজিক ও ভিন্নধর্মী উপস্থাপনার কারণে মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল ‘রকস্টার’ এবং মুক্তির পর দর্শক উপস্থিতি সেই প্রত্যাশাকেই আরও শক্তিশালী করেছে। সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত ‘রকস্টার’ পরিচালনা করেছেন আজমান রুশ, প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা, সুনিধি নায়েক, রোজি সিদ্দিকী, তারিকা আনাম খান প্রমুখ। এবারের ঈদে সারা দেশে দেড় শতাধিক সিনেমা হলে নয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে ১০৫টি হল পেয়ে সর্বাধিক আলোচনায় রয়েছে ‘রকস্টার’।



