২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ব্রাজিল জাতীয় দল বড় দুশ্চিন্তায় পড়েছে। দলের তারকা নেইমারের শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। বুধবার (২৭ মে) তেরেসোপোলিসে ব্রাজিলের প্রথম আনুষ্ঠানিক অনুশীলনে দেখা যায়নি তাকে। পরে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, অতিরিক্ত মেডিকেল পরীক্ষার জন্য তাকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছে। সিবিএফ এক বিবৃতিতে বলে, মেডিকেল টিমের পূর্ণ মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হবে না। নেইমার আগেও একাধিকবার চোট ও ফিটনেস সমস্যায় ভুগেছেন। সম্প্রতি পেশিতে অস্বস্তি থাকায় ক্লাবের কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। যদিও গত সপ্তাহে জিমে অনুশীলনের ভিডিও প্রকাশ করে নিজের ফিটনেস নিয়ে আশাবাদী বার্তা দিয়েছিলেন তিনি। আপাতত নিশ্চিত, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না নেইমার। আগামী কয়েক ঘণ্টায় তার চোটের প্রকৃত অবস্থা জানা যেতে পারে।



