বিশ্বকাপের মাত্র আড়াই সপ্তাহ আগে চোট পেয়েছেন লিওনেল মেসি। স্থানীয় সময় রোববার (২৪ মে) এমএলএসের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলতে গিয়ে ৭৩তম মিনিটে ফ্রি-কিক নেওয়ার পর পায়ের পেছনের অংশে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গেই বদলির ইশারা করে মাঠ ছেড়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান এই আর্জেন্টাইন মহাতারকা। ইন্টার মায়ামি এখনো তার চোটের ধরন নিয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি, তবে বিশ্বকাপ শুরুর আগে এই ঘটনা আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ তৈরি করেছে।
৩৮ বছর বয়সী মেসি এ মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন। ক্লাবের হয়ে ১৬ ম্যাচে ১৩ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন তিনি। আগামী ১ জুন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনার প্রাক-টুর্নামেন্ট ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তার, যেখানে ইন্টার মায়ামির সতীর্থ রদ্রিগো ডি পলও যাবেন। তবে এই চোট সেই পরিকল্পনায় অনিশ্চয়তা এনেছে।
মেসি নিজেও বিশ্বকাপ খেলা নিয়ে শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নিতে চাননি। এখন বিশ্বকাপের ১৮ দিন আগে এই চোট তার পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ২৮-৩০ মে-এর মধ্যে দল ঘোষণা করবেন বলে জানা গেছে। ফিফার নিয়ম অনুযায়ী, ২ জুনের মধ্যে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে সব দলকে।
আর্জেন্টিনা বিশ্বকাপ প্রস্তুতিতে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর ১৬ জুন আলজেরিয়ার মুখোমুখি হবে। মেসি যে পুরোপুরি ছিটকে গেছেন, এমন নয়। তিনি অতীতে চোট নিয়েও বড় টুর্নামেন্ট খেলেছেন। ২০২৪ কোপা আমেরিকার ফাইনালেও ইনজুরি নিয়েই খেলেছিলেন এবং আর্জেন্টিনা শিরোপা জিতেছিল। তবুও তার অনুপস্থিতি যেকোনো দলের জন্য বড় ধাক্কা। কাতার বিশ্বকাপ জেতানো মেসি এবার শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছেন। সেই পথে বাধা হয়েছে চোট। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরা সম্ভব হবে কি না, তা সময়ই বলে দেবে।



