ঘরজুড়ে বইছে খুশির জোয়ার, আনন্দাশ্রুতে ভাসছেন ছোট পর্দার প্রিয় মুখ ‘হাবু ভাই’। পর্দার সেই চিরচেনা ব্যাচেলর জীবনের ইতি টেনে বাস্তবে এখন তিনি দুই সন্তানের গর্বিত পিতা। গত বুধবার (২০ মে) চাষী আলমের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে রাজপুত্র।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এই সুখবরটি ভাগ করে নেন চাষী আলম। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ্, দ্বিতীয়।’ তার এই পোস্টে বিনোদন অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা শুভকামনা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ আগস্ট পারিবারিকভাবে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তুলতুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। বিয়ের পর থেকেই সুখে সংসার করছেন এই দম্পতি। এর আগে ২০২৪ সালের ১০ জুলাই প্রথম ছেলে সন্তানের বাবা হন এই অভিনেতা। নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা ও দর্শকের ভালোবাসা পান চাষী আলম। এরপর থেকে নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি।



