ব্যক্তিগত অর্থায়ন ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের কৌশল নিয়ে গত শনিবার অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ সেমিনার ‘লেটস টক মানি’ (Let’s Talk Money)। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI) বাংলাদেশ, জেআইবি (JCI in Business Bangladesh) এবং আর.এড টক (R.ED Talk)-এর যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। যেখানে এক শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত হয়ে তাদের আর্থিক ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সেমিনারে অংশগ্রহণকারীদের মূলত ‘ফ্রিডম নাম্বার’ (Freedom Number) বা আর্থিক স্বাধীনতার নির্দিষ্ট অংকের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই ফ্রিডম নাম্বার হলো নিষ্ক্রিয় আয় বা প্যাসিভ ইনকামের এমন একটি পরিমাণ, যা অর্জিত হলে কাজ করাটা আর জীবন ধারণের বাধ্যবাধকতা থাকে না, বরং তা নিজের পছন্দে পরিণত হয়। উচ্চ আয় করলেই যে সম্পদশালী হওয়া যায় না এবং আয়ের চেয়ে আর্থিক আচরণ ও অভ্যাস যে বেশি গুরুত্বপূর্ণ, তা এখানে বিশদভাবে তুলে ধরা হয়।
ইন্টারেক্টিভ এই সেশনে অংশগ্রহণকারীরা টেবিল ডিসকাশন, প্রশ্ন-উত্তর এবং নিজেদের আর্থিক অভ্যাস নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ পান। নিয়মিত ছোট ছোট সঞ্চয় এবং বিনিয়োগ কীভাবে চক্রবৃদ্ধি হারের (Compounding) মাধ্যমে দীর্ঘমেয়াদে বড় সম্পদে পরিণত হয়, সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণ পেশাজীবী ও উদ্যোক্তাদের মাঝে সঠিক আর্থিক সচেতনতা তৈরি করা।



