
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।
কারিনার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য মেয়েকে চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায়। পরে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, লিভার-সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কারিনাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থার আরও অবনতি হলে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। পরে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার নিবিড় চিকিৎসা চলছিল। সেখানে প্রথমে ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে চিকিৎসা শুরু করা হয় এবং পরবর্তীতে লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল।
অভিনয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নধর্মী কনটেন্ট তৈরির মাধ্যমে তরুণদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। তার অকাল মৃত্যুতে সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।


