আগামী জুনে শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবার তিন আয়োজক দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ শুরুর আগে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে ফিফা। যেখানে দেখা যাবে এক বাংলাদেশি সঙ্গীতশিল্পীকেও। কানাডা তাদের উদ্বোধনী অনুষ্ঠানে যেসব তারকা পারফর্ম করবেন, তাদের নাম প্রকাশ করেছে। ১২ জুন টরেন্টোতে অনুষ্ঠেয় এই অনুষ্ঠান মাতাবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়। তার জন্ম ঢাকায় হলেও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। তিনি সঙ্গীতশিল্পী, সঙ্গীত প্রযোজক ও ডিজে হিসেবে বেশ পরিচিত।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, ভেজিড্রিম ও উইলিয়াম প্রিন্সের মতো একঝাঁক আন্তর্জাতিক তারকা। আয়োজকেরা জানিয়েছেন, সংগীত ও সংস্কৃতির মাধ্যমে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং ফুটবলের ঐক্যের বার্তা তুলে ধরা হবে। বিশ্বকাপ ট্রফিকেও নতুনভাবে উপস্থাপন করা হবে, যা কানাডার বিভিন্ন সংস্কৃতি, মানুষ ও সম্প্রদায়ের বৈচিত্র্য তুলে ধরবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, টরেন্টোর উদ্বোধনী অনুষ্ঠানটি কানাডার পরিচয় এবং বিশ্বকাপকে ঘিরে উন্মাদনার এক শক্তিশালী প্রতিফলন হবে। সংগীত, সংস্কৃতি এবং অবিস্মরণীয় পরিবেশনার মাধ্যমে বিশ্বকে এমন এক উদযাপনে স্বাগত জানানো হবে, যা একদিকে পুরোপুরি কানাডিয়ান, অন্যদিকে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রজুড়ে চলা বৃহত্তর গল্পের সঙ্গেও সংযুক্ত। অনুষ্ঠানে দর্শকদের অংশগ্রহণের সুযোগ থাকছে—ম্যাচ শুরুর চার ঘণ্টা আগেই স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে, যেখানে থাকবে বিশেষ অ্যাক্টিভেশন, পুরস্কার ও প্রাক-ম্যাচ বিনোদনের আয়োজন।



