বাংলাদেশের তরুণদের কাছে সবচেয়ে আকাঙ্ক্ষিত চাকরি হলো বিসিএস (BCS)। সম্প্রতি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, বিসিএস পরীক্ষায় আবেদন ও চূড়ান্ত ক্যাডার হিসেবে সুপারিশ পাওয়ার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে ঢাকা বিভাগ । অন্যদিকে এই দৌড়ে সবচেয়ে তলানিতে অবস্থান করছে সিলেট ও বরিশাল বিভাগ ।
তবে এই হিসাবের ভেতরে লুকিয়ে আছে দারুণ এক চমক! ঢাকা থেকে সবচেয়ে বেশি আবেদন জমা পড়লেও, আবেদনের বিপরীতে সাফল্যের হার বা পাসের দিক থেকে ঢাকাকে বেশ ভালোই টেক্কা দিচ্ছে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের প্রার্থীরা । বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ থাকায় তারা এগিয়ে থাকছে । অন্যদিকে রাজশাহী বা রংপুরের শিক্ষার্থীদের মধ্যে সরকারি চাকরির প্রতি প্রবল আগ্রহ ও কঠোর পরিশ্রমের মানসিকতা তাদের সাফল্য এনে দিচ্ছে । এর ঠিক উল্টো চিত্র সিলেট ও বরিশালে। ৪৪তম বিসিএসে সিলেটের সাফল্যের হার ছিল মাত্র ২ দশমিক ২৭ শতাংশ, আর বরিশালের গড় সাফল্যের হার ৫ থেকে ৬ শতাংশ । এর মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে, এই অঞ্চলের তরুণদের মধ্যে বিসিএসের চেয়ে প্রবাসে পাড়ি জমানোর বা বাণিজ্যিক পেশায় যুক্ত হওয়ার প্রবণতা অনেক বেশি ।
তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ মনে করেন, শুধু বিভাগের হিসাব দিয়ে প্রকৃত অবস্থা মাপা ঠিক হবে না । কারণ, অন্যান্য বিভাগের চেয়ে ঢাকার জনসংখ্যা এমনিতেই অনেক বেশি । তাঁর মতে, জেলাভিত্তিক তথ্য পেলে পিছিয়ে থাকার আসল কারণগুলো আরও স্পষ্টভাবে বোঝা যেত ।
পাশাপাশি পিএসসির সাবেক চেয়ারম্যান সা’দত হুসাইনের একটি চমৎকার পর্যবেক্ষণ রয়েছে। তিনি জানিয়েছিলেন, ঢাকার নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য চলে যান । আর ঠিক এই সুযোগটিই কাজে লাগিয়ে বিসিএসে দারুণ ফলাফল করে চলেছেন ঢাকার বাইরের অদম্য মেধাবীরা !



