মুম্বাইয়ের রাস্তার পাশে গায়ে ময়লা শার্ট, হাতে চায়ের কাপ আর মুখে এক বিশাল হাসি নিয়ে এক কিশোর দাঁড়িয়ে। তার হাসি যেন থামছেই না—হাসতে হাসতে কাপ থেকে চা পড়ে যাচ্ছে। এই দৃশ্য কি খুব পরিচিত লাগছে? স্বাভাবিক, কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মিম, ট্রল ও রিলসে এটি প্রায়ই দেখা যায়। এই চিরহাস্যোজ্জ্বল কিশোরটির নাম অরুণ কুমার। ভারতের মুম্বইয়ের এক দরিদ্র পরিবারে বেড়ে ওঠা অরুণ চতুর্থ শ্রেণির পর পড়াশোনা বন্ধ করে খুব অল্প বয়সে ট্রাকের হেলপার হিসেবে কাজ শুরু করেন। নেহেরু নামের এক ট্রাক ড্রাইভারের স্নেহধন্য অরুণ তাকে ‘নেহেরু আন্না’ ডাকতেন। একদিন ট্রাক ধোয়ার পর নেহেরু তাকে এক কাপ চা দিয়ে জোকস শোনালে অরুণ এমন মন খুলে হেসেছিল যে নেহেরু তা ফোনে রেকর্ড করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেন। মুহূর্তে ভাইরাল হওয়া এই হাসির ভিডিও রাজ্য সরকারের নজর কাড়ে। তারপর আর তাকে ট্রাকের হেলপার হয়ে কাজ করতে হয়নি; বরং স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যান অরুণ। আগামী বছর তার উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলে তিনি স্নাতক হয়ে নতুন কর্মজীবনে প্রবেশ করতে চান। তবে এখনো তিনি ভোলেননি নেহেরু আন্নাকে, এবং ভবিষ্যতেও তাকে পাশে চান।



