রাশিয়ার রাজধানী মস্কোতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব ‘বাংলা বর্ষবরণ-১৪৩৩’। বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এই আয়োজনটি হয়। দূতাবাস পরিবার, বিদেশি অতিথি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, মস্কোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ও স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সদস্যরা সপরিবারে উৎসবে যোগ দেন। অনুষ্ঠানস্থল আলপনা, রঙিন কাগজ, বেলুন, ব্যানার, ফেস্টুন, ফুল, পালকি, ভ্যান, নকশি কাঁথা ও মাটির কলসি দিয়ে সাজানো হয়েছিল, যা দূতাবাস প্রাঙ্গণকে এক টুকরো বাংলাদেশে রূপ দেয়। মস্কোর রাস্তায় প্রথমবারের মতো বের হয় ঐতিহ্যবাহী ‘বৈশাখী শোভাযাত্রা’, যা প্রায় এক কিলোমিটার পথ প্রদক্ষিণ করে। এতে অংশ নেন বিদেশি অতিথি ও প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া ছিল বাংলাদেশি খাবার, মিষ্টান্ন, পোশাক ও হস্তশিল্পের স্টল। সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই সমবেতভাবে ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশন করেন এবং শিল্পীরা গান ও নাচে মুগ্ধ করেন অতিথিদের, যেখানে রুশ শিল্পীদের বাঙালি নাচ পরিবেশনাও ছিল উল্লেখযোগ্য। রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম অতিথিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের ঐতিহ্য ধারণ, লালন ও প্রচারের আহ্বান জানান। একই সময়ে দূতাবাসের উদ্যোগে রাশিয়ায় প্রথমবারের মতো সপ্তাহব্যাপী বাংলাদেশি চিত্রশিল্পীদের চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।



