পিএসএলের এবারের আসরে খেলছিলেন ছয় বাংলাদেশি ক্রিকেটার। তবে চোট ও আগামী সিরিজের কথা বিবেচনা করে নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানকে ফের পিএসএলে খেলতে দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তৃতীয় ওয়ানডে শেষে মোস্তাফিজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে স্ক্যান করা হবে এবং বিসিবির মেডিকেল টিমের অধীনে পুনর্বাসনে যাবেন তিনি। তাই তাকে দেওয়া এনওসি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অন্যদিকে আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বিশ্রাম নিশ্চিত করতে নাহিদ রানাকেও পিএসএলের বাকি অংশে এনওসি দিচ্ছে না বিসিবি।
বাকি চার বাংলাদেশির মধ্যে পারভেজ হোসেন ইমনের পিএসএল আগেই শেষ। রিশাদ হোসেনের দল রাওয়ালপিন্ডিজ আর পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পায়নি। শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিমের দল পেশোয়ার জালমি প্লে-অফে গেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কারণে তাদের পিএসএলে ফেরার সম্ভাবনা ক্ষীণ। ২ মে কিউই সিরিজ শেষ হলে ৩ মে পিএসএলের ফাইনাল, যা মিলিয়ে যাওয়ায় তারা আর পিএসএলের বাকি অংশে যোগ দিতে পারছেন না।



