
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং দায়িত্ব নেওয়ার এক মাস পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন। বিনিয়োগ ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে বুধবার (২২ এপ্রিল) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন।
পোস্টে গুরুং জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। তিনি মনে করেন, তার পদে থাকা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। শেয়ারবাজারে বিনিয়োগ এবং বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে, তা তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন।
সাম্প্রতিক সময়ের জেন জি আন্দোলনের কথাও উল্লেখ করেন গুরুং। তিনি বলেন, এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা, এবং তার পদত্যাগ সেই আদর্শের প্রতিফলন।
৩৬ বছর বয়সী গুরুং গত ২৭ মার্চ বালেন্দ্র শাহ নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে তিনি জেন জি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন।
তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তাকে ঘিরে বিতর্ক শুরু হয়। বিশেষ করে বিতর্কিত ব্যবসায়ী দীপক ভাটের সঙ্গে তার সম্পর্ক নিয়ে স্থানীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে এবং সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, দায়িত্ব নেওয়ার পরদিনই সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেন গুরুং। যদিও পরে তারা মুক্তি পান, তবে এতে সরকারের অভ্যন্তরে অস্বস্তি তৈরি হয়।
সব মিলিয়ে বিতর্ক ও চাপের মুখেই শেষ পর্যন্ত পদত্যাগের পথ বেছে নিলেন এই তরুণ রাজনীতিক।


