স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সৌদি আরবে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সাক্ষাতে তিনি এ তথ্য জানান।
বৈঠকে রাষ্ট্রদূত সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার (মিয়ানমারের নাগরিক) বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর প্রসঙ্গ তুলে ধরেন এবং প্রক্রিয়াটি আরও ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় দলিল বা প্রমাণ সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে। প্রক্রিয়া দ্রুত করতে বাংলাদেশ থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে এবং পাসপোর্ট ইস্যুতে কোনো দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না।
মন্ত্রী আরও বলেন, যেসব মিয়ানমার নাগরিকের বাংলাদেশি দলিল রয়েছে বা যারা প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে, তাদের দ্রুত পাসপোর্ট দেওয়া হবে। এ ক্ষেত্রে সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা এনে পুনরায় যাচাই-বাছাই করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম দেশ। জনশক্তি রপ্তনি ছাড়াও জ্বালানি ও পর্যটন খাতে সৌদি বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে।
আলোচনা শেষে রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন এবং আগামী জুলাই মাসের প্রথমার্ধে তিনি সৌদি আরব সফর করতে পারেন বলে জানান।



