ইরান হরমুজ প্রণালিতে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দিয়েছে। তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের পার্শ্ববৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিব জাদেহরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের যাতায়াত সহজতর করতে ইরানের সহযোগিতা কামনা করেন। এর পরিপ্রেক্ষিতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখেন এবং রোববার রাতে নিশ্চিত করেন যে, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশি জাহাজের নিরাপত্তায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। বৈঠকে দুই দেশ মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা করে। পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক শান্তিতে সব পক্ষকে সংযম ও সংলাপের ওপর জোর দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই অবস্থানের প্রশংসা করে এবং খলিলুর রহমানকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। ইরানের এই নির্দেশনার ফলে ‘বাংলার জয়যাত্রা’সহ অন্যান্য বাংলাদেশি জাহাজের হরমুজ প্রণালি পারাপার আরও নির্বিঘ্ন হবে বলে আশা করা যাচ্ছে।



