জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বাস ভাড়া কিলোমিটার প্রতি ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে। রোববার (১৯ এপ্রিল) সমিতির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রস্তাব দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটিএ সদর দপ্তরে ‘গোপনে গণপরিবহনে ভাড়া বৃদ্ধির খবর পেয়ে’ তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি অভিযোগ করেন, বাস মালিক সমিতির প্রভাবশালী নেতারা সরকারের সঙ্গে মিলে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা করছে। তিনি বলেন, পূর্বে জ্বালানি তেলের দাম ৩ টাকা কমানোর পর ভাড়া ৩ পয়সা এবং ২ টাকা কমানোর পর ভাড়া ২ পয়সা কমানো হয়েছিল। এখন প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বেড়েছে, তাই হিসাব অনুযায়ী বাস ভাড়া কিলোমিটার প্রতি ১৫ পয়সা বৃদ্ধি হতে পারে। মালিক সমিতির ‘একচেটিয়া সুবিধা প্রদানের কর্মকাণ্ড’ থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। এদিন দুপুরে আরেক বিজ্ঞপ্তিতে সমিতি আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন অনুসরণ করে যাত্রী ও ভোক্তা প্রতিনিধিদের নিয়ে বাস ও লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবি জানায়।



