
ভাবুন তো, মাত্র ১০০ ইউরো দিয়ে একটি র্যাফল ড্রয়ের টিকিট কিনে যদি আপনি রাতারাতি ১০ লাখ ইউরোর (প্রায় ১২ লাখ ডলার) সম্পদের মালিক হয়ে যান! সিনেমার গল্পের মতো মনে হলেও বাস্তবে ঠিক এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে ৫৮ বছর বয়সী প্রকৌশলী আরি ওদারার জীবনে ।
প্যারিসে অনুষ্ঠিত এক দাতব্য র্যাফল ড্র বা লটারিতে অংশ নিয়ে স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা একটি আসল চিত্রকর্ম জিতে নিয়েছেন এই ভাগ্যবান ব্যক্তি । ১৯৪১ সালে আঁকা ‘তেত দু ফাম’ বা ‘একজন নারীর মাথা’ নামের এই অমূল্য চিত্রকর্মটি জেতার খবর যখন প্যারিসের নিলাম সংস্থা ক্রিস্টিজ থেকে তাঁকে ভিডিও কলে জানানো হয়, তিনি অবাক হয়ে পাল্টা প্রশ্ন করেছিলেন— “আমি কীভাবে বুঝব, এটা আমাকে নিছক মজা করে বলা হচ্ছে না?” ।
তবে এই চমকপ্রদ খবরের সবচেয়ে সুন্দর দিকটি লুকিয়ে আছে অন্য জায়গায়। এই র্যাফল ড্রয়ের জন্য ১০০ ইউরো দামের ১ লাখ ২০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছিল। আর টিকিট বিক্রির মাধ্যমে সংগ্রহ করা এই বিপুল পরিমাণ অর্থের পুরোটাই দান করা হবে আলঝেইমার বা স্মৃতিভ্রম রোগের গবেষণায় ।
অর্থাৎ, মাত্র ১০০ ইউরোর একটি টিকিট শুধু একজন শিল্পপ্রেমীর স্বপ্নই পূরণ করেনি, বরং চিকিৎসাবিজ্ঞানের জন্যও নিয়ে এসেছে বিশাল এক আশার আলো !


