বোটানিক্যাল গার্ডেনে ভিডিও করার সময় হঠাৎ মাথার ওপর ফণা তুলে দাঁড়িয়েছিল একটি বিষধর সাপ! যে কেউ এমন দৃশ্য দেখলে ভয়ে জমে যাবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি তখনো ভিডিও থামাননি । ভয়ংকর এই অভিজ্ঞতার মুখোমুখি হওয়া অদম্য মানুষটি হলেন আজহারুল ইসলাম খান, যিনি সোশ্যাল মিডিয়ায় সবার কাছে ‘বৃক্ষবন্ধু’ নামে পরিচিত ।
মজার ব্যাপার হলো, আজ যিনি লাখো মানুষকে গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন, ১৩ বছর বয়সে না বুঝে অতিরিক্ত পানি দিয়ে বাবার শখের দুটি ‘বাগানবিলাস’ গাছ মেরে ফেলেছিলেন তিনি ! সেই কষ্ট আর গাছের প্রতি অদ্ভুত টান থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা করেন আজহারুল । এরপর ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে টানা ২৭ বছর চাকরি করলেও গাছের নেশা তাঁকে কখনোই ছাড়তে পারেনি ।
২০০৮ সাল থেকে ফেসবুকে গাছ নিয়ে লেখালেখি করলেও ২০২৩ সালে তাঁর জীবনের মোড় পুরোপুরি ঘুরে যায় । ‘বুদ্ধ নারিকেল’ আর ‘ইলেকট্রিক ডেইজি’ গাছ নিয়ে তৈরি করা তাঁর দুটি ভিডিও হঠাৎ করেই ইন্টারনেটে ঝড় তোলে, যার একটি ১ কোটি ৬০ লাখ বার দেখা হয়েছে। বর্তমানে ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা ১৪ লাখেরও বেশি । এখন তিনি বনে-জঙ্গলে ঘুরে অচেনা সব গাছ ও ফুলের গুণাগুণ, যেমন—পেটের জন্য থানকুনি বা চুলের জন্য কালোকেশীর উপকারিতা সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন ।
কেবল ভিডিও বানানোই নয়, দেশের নানা প্রান্তের স্কুলের শিশুদের নিয়ে জঙ্গল ভ্রমণে যাওয়ার এক দারুণ স্বপ্ন দেখেন এই বৃক্ষবন্ধু । তাঁর জীবনের একটাই সহজ ও সুন্দর বার্তা— “প্রকৃতিকে ভালোবাসুন, নিজের ও দেশের প্রয়োজনে গাছ লাগান” ।



