দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে রিজার্ভের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সবশেষ এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ৯ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস (মোট) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৪৫ দশমিক ০৪ মিলিয়ন মার্কিন ডলার, যা গত ৭ এপ্রিল ছিল ৩৪ হাজার ৪৭৫ দশমিক ১৬ মিলিয়ন ডলার।
অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ীও রিজার্ভের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে এই পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৫২ দশমিক ৬৬ মিলিয়ন ডলার। এর আগে গত ৭ এপ্রিল এই হিসাব ছিল ২৯ হাজার ৮৫৮ দশমিক ৬৩ মিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৪৮ ঘণ্টায় দেশের মোট রিজার্ভ বেড়েছে প্রায় ১৬৯ দশমিক ৮৮ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে বেড়েছে ৯৪ দশমিক ০৩ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, আইএমএফ-এর বিপিএম-৬ নীতিমালা অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায়সমূহ বিয়োগ করে নিট বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয়। অর্থনীতিবিদরা মনে করছেন, প্রবাসী আয় ও রপ্তানি প্রবাহের ইতিবাচক গতির ফলেই রিজার্ভের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।



