২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী এই মাথাপিছু আয় নির্ধারণ করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জন করা। এ লক্ষ্যে বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ক্রিয়েটিভ ইকোনমি ও স্পোর্টস ইকোনমি বিবেচনায় নিয়ে কর্মপরিকল্পনা তৈরি করছে সরকার। জনগণের মাথাপিছু আয় বাড়ানোর জন্য শুধু একটি খাতে নয়, বরং কর্মসংস্থান, বিনিয়োগ, উৎপাদন, রপ্তানি, প্রবাসী আয়, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা সবকটিতে একসঙ্গে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।



