সারা দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সব ধরনের মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার। রোববার (৫ এপ্রিল) বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা জারি করা হয়। এর পরের দিন সোমবার (৬ এপ্রিল) সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানিয়ে চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে বিদ্যুৎ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে এ বিষয়ে চিঠি দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে জানানো হয়, ৪ এপ্রিল দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক সভায় তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে শপিংমল ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখায় সম্মতি দেন প্রধানমন্ত্রী। এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক শপিংমল, বিপণিবিতান ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা এবং বিলবোর্ডের বাতি, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একই সময়ের মধ্যে বন্ধ করার বিষয়ে সব কমিশনার ও জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।



