বৈশ্বিক জ্বালানি সংকটের অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর প্রস্তাবে গভীর উদ্বেগ জানিয়ে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এই প্রস্তাবনা বাস্তবায়ন হলে শিক্ষার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হবে, শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া ব্যাহত হবে এবং দেশের শিক্ষা ব্যবস্থা আরও পিছিয়ে যাবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, কোভিড-১৯ মহামারির সময় অনলাইন শিক্ষার অভিজ্ঞতা প্রমাণ করেছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কার্যকর নয়। দেশের অধিকাংশ শিক্ষার্থী, বিশেষ করে গ্রামীণ, দুর্গম, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীরা ইন্টারনেট, স্মার্টফোন বা ল্যাপটপের মতো প্রয়োজনীয় সুবিধা থেকে বঞ্চিত। ফলে অনলাইন ক্লাসে তাদের অংশগ্রহণ অসম্ভব, যা শিক্ষায় বৈষম্য আরও বাড়িয়ে তোলে। পাশাপাশি ব্যবহারিক ও ল্যাবভিত্তিক ক্লাস অনলাইনে সম্ভব নয়।
বাকবিশিস মনে করে, জ্বালানি সাশ্রয়ের নামে শিক্ষা খাতকে বলি দেওয়া গ্রহণযোগ্য নয়। সরকার যদি প্রকৃত জ্বালানি সংকট মোকাবিলা করতে চায়, তাহলে সরকারি অফিস-আদালত, যানবাহন ব্যবস্থাপনা এবং অপ্রয়োজনীয় খাতে সাশ্রয়ী ব্যবস্থা নিতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বা অনলাইনে নিয়ে যাওয়া শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে ছিনিমিনি খেলার শামিল। সংগঠনটি অবিলম্বে অনলাইন ক্লাস চালুর সব সিদ্ধান্ত থেকে সরে আসার জোর দাবি জানিয়েছে।



