মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর ট্রেলার মাত্র চার দিনেই ১০০ কোটি ভিউ পেরিয়ে বিশ্বরেকর্ড গড়েছে। গত ১৭ মার্চ ট্রেলার প্রকাশের পর ২৪ ঘণ্টায় এটি ৭১ কোটি ৮৬ লাখ ভিউ পায়, যা আগের সব ব্লকবাস্টার ট্রেলারের রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ ট্রেলার প্রথম ২৪ ঘণ্টায় ৩৬ কোটি ৫০ লাখ ভিউ পেয়েছিল। ওয়েভমেট্রিক্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ট্রেলারটি ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে।
ট্রেলারে দেখা যায়, জাদুকরী মন্ত্রের প্রভাবে পিটার পার্কার এখন এমন এক পৃথিবীতে বাস করছেন যেখানে কেউ তাকে চেনে না। এমজে (জেনডায়া) তার জীবন এগিয়ে নিলেও পিটার সম্পর্কে কিছুই মনে রাখতে পারেননি। পিটারও এমজেকে বিপদমুক্ত রাখতে দূরত্ব বজায় রাখছেন। একাকী লড়াই ও স্পাইডার-ম্যানের চারিত্রিক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে ট্রেলারজুড়ে। সব ঠিক থাকলে আগামী ৩১ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।



