দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার (২৫ মার্চ) কমিশনের সভাকক্ষে ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণ ও ডিজিটাল বৈষম্য হ্রাসের অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)। পর্যায়ক্রমে আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা অবকাঠামোতেও এ সুবিধা সম্প্রসারণ করা হবে।
সভায় ইউজিসি সদস্য, সচিব, আইসিটি বিভাগের পরিচালক, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং বিডিরেনের সিইও মোহাম্মদ তৌরিতসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



