আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। তবে ঈদের মাত্র কয়েকদিন বাকি থাকলেও সিনেমাটির শুটিং এখনও চলছে বলে জানা গেছে, যা নিয়ে দর্শক মহলে শঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশ করা হলেও ট্রেলার ও গান এখনো আসেনি, প্রচারণাও প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। গতকাল সেন্সর ছাড়পত্র পেলেও সামাজিক মাধ্যমে অনেকেই শেষ মুহূর্তে সিনেমাটি স্থগিত হওয়ার আশঙ্কা করছেন।
শুটিং সেটের একটি সূত্র জানিয়েছে, সিনেমার দৃশ্যের শুটিং শেষ হলেও গানের কিছু কাজ এখনো বাকি রয়েছে। তারা ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যেই কাজ করছেন। তবে চলচ্চিত্র বিশেষজ্ঞরা বলছেন, ঈদের সিনেমা পরিকল্পিতভাবে তৈরি করতে হয়। তাড়াহুড়ো করে কাজ শেষ করলে পরিপূর্ণতা আসে না, যা দর্শক প্রতারণার সামিল। শাকিব খানের সিনেমা নিয়ে দর্শকের প্রত্যাশা সবসময় বেশি থাকে, তাই এই ত্রুটিপূর্ণ প্রক্রিয়া দর্শকপ্রিয়তা হারানোর কারণ হতে পারে।
টিজার প্রকাশের পর থেকেই তা সমালোচনার মুখে পড়েছে। অনেকে নির্মাতার সততা নিয়েও প্রশ্ন তুলেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরও গানের শুটিং শেষ না হওয়া নিয়ে ধোঁয়াশা কাটেনি। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ, এটি তার প্রথম সিনেমা। এতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগৎকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি।



