দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় পঞ্চম ব্যাচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। তিন মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সের মোট সময়সীমা ৬০০ ঘণ্টা। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। দেশের ৮টি বিভাগের ৪৮টি জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা এ কোর্সে আবেদন করতে পারবেন।
অংশগ্রহণের জন্য প্রার্থীকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। প্রতি ব্যাচে ন্যূনতম ৩০ শতাংশ নারী প্রশিক্ষণার্থী নেওয়া হবে। কম্পিউটার বিষয়ে জ্ঞানসম্পন্ন এবং নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে—এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের সময় জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং কমপক্ষে এইচএসসি বা সমমান পাসের সনদ জমা দিতে হবে।
এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না। প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। এছাড়া সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা থাকবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ প্রদান করা হবে।
অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩ মার্চ ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ মার্চ ২০২৬ এবং এর স্থান ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে ৭ মার্চ ২০২৬। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১০ মার্চ ২০২৬। কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে: https://e-laeltd.com/64-student-reg-jubo



