প্রবাসীদের জীবনের না-বলা আবেগ, নিঃসঙ্গতা ও মায়ের জন্য অদম্য টানকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে নতুন গান—‘বিদেশ আমার ভাল্লাগে না, মা’। আমাদের দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য; তাঁদের কঠোর পরিশ্রমে সমৃদ্ধ হয় পরিবার, সমাজ ও রাষ্ট্র। তবে সেই ত্যাগের আড়ালে লুকিয়ে থাকে একাকীত্ব আর আপনজনকে না পাওয়ার গভীর কষ্ট। সেই অদেখা অনুভূতিগুলোকেই সুর ও কথায় তুলে ধরেছে লোকগানের দল বাউলা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গানটি প্রকাশিত হয়েছে তাদের ইউটিউব চ্যানেলে।
গানটির প্রধান কণ্ঠ দিয়েছেন বাউলা ব্যান্ডের প্রকাশ আর্টিস্ট। তাঁর কণ্ঠে ফুটে উঠেছে এক অভিমানী সন্তানের আর্তি—“মা, বিদেশ আমার ভাল্লাগে না।” গানটির কথা ও সুর করেছেন সাইফুল ইসলাম মান্নু। তাঁর রচনায় ধরা পড়েছে প্রবাসজীবনের টানাপোড়েন, আর সুরে মিলেছে লোকজ আবেগের গভীরতা, যা শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়।
সংগীতায়োজনে ছিলেন রবিন সরকার ও ইকে মজুমদার ইস্তি। হারমোনিয়ামে রবিন সরকার, ঢোলে মাসুম ও সাঈদ আহম্মেদ, বাঁশিতে আশিকুল, গিটারে ইকে মজুমদার ইস্তি, বেজ গিটারে অনুপ এবং পারকাশনে সোহেল অংশ নেন। চিত্রপরিচালনায় ছিলেন রাইসুল ইসলাম অনিক।
প্রকাশ আর্টিস্ট বলেন, “‘বিদেশ আমার ভাল্লাগে না, মা’ কেবল একটি গান নয়; এটি প্রবাসজীবনের নিঃসঙ্গ সন্ধ্যার গল্প। ভিডিও কলে মায়ের মুখ দেখে নীরবে চোখ মুছে নেওয়া এক সন্তানের অনুভূতি। ব্যস্ত নগরীর কোলাহলের মাঝেও গ্রামের শিউলি-ঝরা ভোরকে মনে করার আকুতিই এই গানের প্রাণ।”



