প্রায় ছয় বছর পর সীমিত পরিসরে আবারও ফ্রি ট্রায়াল সুবিধা চালু করেছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। নতুন অ্যাকাউন্ট খুললে যোগ্য ব্যবহারকারীরা ৩০ দিন, আবার কেউ কেউ ১৫ দিন পর্যন্ত বিনা খরচে নেটফ্লিক্সের সিনেমা, ওয়েব সিরিজ, ডকুমেন্টারিসহ বিভিন্ন কনটেন্ট উপভোগ করার সুযোগ পাবেন। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গ্যাজেটস ৩৬০-এর তথ্য অনুযায়ী, এই অফারটি সবার জন্য উন্মুক্ত নয়; ব্যবহারকারীর অ্যাকাউন্ট, ব্যবহৃত ডিভাইস এবং অবস্থান (লোকেশন) বিবেচনায় যোগ্যতা নির্ধারণ করবে নেটফ্লিক্স। যোগ্য হলে নতুন অ্যাকাউন্ট নিবন্ধনের সময় স্বয়ংক্রিয়ভাবে অফারটি প্রদর্শিত হবে।
নেটফ্লিক্স জানিয়েছে, কোনো ব্যবহারকারীর জন্য ৩০ দিনের, আবার কারও জন্য ১৫ দিনের ফ্রি ট্রায়াল প্রযোজ্য হতে পারে। নিবন্ধনের সময় যদি ‘Try 30 Days for Zero’ অথবা ‘15 Days Free Trial’ অফারটি না দেখা যায়, তাহলে বুঝতে হবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি বর্তমানে এই সুবিধার আওতায় নেই। উল্লেখ্য, ২০২০ সালে বিশ্বব্যাপী ৩০ দিনের ফ্রি ট্রায়াল সুবিধা বন্ধ করে দিয়েছিল নেটফ্লিক্স। দীর্ঘ বিরতির পর সীমিত পরিসরে আবারও এই সুবিধা চালু করে নতুন গ্রাহক আকর্ষণের কৌশল পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।
ফ্রি ট্রায়াল পাওয়ার জন্য ব্যবহারকারীকে নেটফ্লিক্সের ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করে আগে ব্যবহার করা হয়নি এমন একটি নতুন ই-মেইল ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর নিবন্ধনের সময় অফারটি প্রদর্শিত হলে পছন্দের সাবস্ক্রিপশন প্ল্যান নির্বাচন করে ডেবিট বা ক্রেডিট কার্ড কিংবা সমর্থিত অন্য কোনো পেমেন্ট পদ্ধতি যুক্ত করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে নির্ধারিত ট্রায়াল মেয়াদজুড়ে বিনা খরচে নেটফ্লিক্সের সব ধরনের কনটেন্ট উপভোগ করা যাবে।
তবে ব্যবহারকারীদের সতর্ক করে নেটফ্লিক্স জানিয়েছে, ফ্রি ট্রায়ালের সঙ্গে অটোপে (Auto Pay) সুবিধা ডিফল্টভাবে চালু থাকে। ফলে ট্রায়ালের মেয়াদ শেষ হওয়ার আগে সাবস্ক্রিপশন বাতিল না করলে নির্বাচিত প্ল্যানের অর্থ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। তাই বিনা খরচে ট্রায়াল ব্যবহার করতে চাইলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সাবস্ক্রিপশন বাতিল করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।



