বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য বিশেষ আয়োজন। প্রতিবছরের মতো এবারও ২ নভেম্বর তাঁর ৬১তম জন্মদিনে মুম্বাইয়ের বাসভবন মান্নাতের সামনে জড়ো হন অসংখ্য অনুরাগী। তাঁদের শুভেচ্ছা জানাতে বাড়ির বারান্দায় হাজির হন শাহরুখ। এ সময় দুই হাত প্রসারিত করে তাঁর চিরচেনা ভঙ্গিতে ভক্তদের অভিবাদন জানানোর দৃশ্য দেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত অনুরাগীরা।
জন্মদিনে প্রিয় অভিনেতার এক ঝলক দেখতে কয়েক ঘণ্টা আগে থেকেই মান্নাতের সামনে ভিড় করতে থাকেন ভক্তরা। অনেকের হাতে ছিল শাহরুখের পোস্টার, আবার কেউ কেউ অনুকরণ করেন তাঁর জনপ্রিয় দুই হাত প্রসারিত করার ভঙ্গি। পরে বারান্দায় এসে হাত নেড়ে ও উড়ন্ত চুমু ছুড়ে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অভিনেতা। সাদা টি-শার্ট, নীল জিনস, মাথায় টুপি ও চোখে সানগ্লাস পরা শাহরুখের একটি ভিডিও প্রকাশ করেছে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ভিডিওর সঙ্গে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘হৃদয়ের রাজা, ভালোবাসার রাজ্য নিয়ে।’ জানা গেছে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে মুম্বাইয়ের একটি হোটেলে জন্মদিন উদ্যাপন করেন তিনি।
এদিকে জন্মদিনের আয়োজনের পাশাপাশি শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রচারণাও শুরু হয়েছে। মধ্যরাতের পর মান্নাতের বাইরের বিশাল পর্দায় সিনেমাটির প্রচারণামূলক পোস্টার প্রদর্শন করা হয়। পাশাপাশি ভক্তদের জন্য প্রকাশ করা হয়েছে ছবির ‘তু মিল যায়ে’ শিরোনামের একটি রোমান্টিক গান। এতে শাহরুখ খানের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন। গানটির বিশেষ আকর্ষণ হলো, এর মাধ্যমে ভারতীয় সিনেমায় প্লেব্যাক গায়ক হিসেবে অভিষেক হচ্ছে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের। অরিজিৎ সিংয়ের সঙ্গে যৌথভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ প্রযোজনা করছে গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ ও মামতা আনন্দের মারফ্লিক্স পিকচার্স। ১৯৯৪ সালের ফরাসি চলচ্চিত্র ‘লিওঁ: দ্য প্রফেশনাল’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে একজন বয়স্ক ও দুর্ধর্ষ আততায়ী চরিত্রে দেখা যাবে শাহরুখকে। তাঁর তরুণ শিষ্যের ভূমিকায় অভিনয় করছেন মেয়ে সুহানা খান।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়াল। বিশেষ চরিত্রে দেখা যাবে রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন ও কারিনা কাপুর খানকে। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’-এর। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘ডানকি’র পর বড় পর্দায় এটিই শাহরুখের প্রথম সিনেমা বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
সূত্র: হিন্দুস্তান টাইমস



