শৈশব থেকেই কিলিয়ান এমবাপ্পের ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে ছিল নাইকি। মাত্র ৯ বছর বয়সে শুরু হওয়া সেই সম্পর্ক পেরিয়েছে দুই দশক। বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা হয়ে ওঠার পুরো যাত্রায় নাইকিকে পাশে পেয়েছেন ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। তবে দীর্ঘ এই সম্পর্কের ইতি টেনে এবার নতুন অধ্যায়ে পা রেখেছেন এমবাপ্পে। সুইজারল্যান্ডের ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠান অনের সঙ্গে ১০ বছরের চুক্তিতে যুক্ত হয়েছেন তিনি।
নতুন চুক্তির ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নাইকির সঙ্গে কাটানো দীর্ঘ সময়ের স্মৃতিচারণ করে আবেগঘন বার্তা দিয়েছেন এমবাপ্পে। তার কাছে এই সম্পর্ক শুধু একটি বাণিজ্যিক চুক্তি ছিল না; বরং শৈশব থেকে বেড়ে ওঠা, স্বপ্ন দেখা এবং বিশ্ব ফুটবলের শীর্ষে পৌঁছানোর যাত্রারও অংশ ছিল। নাইকির সঙ্গে তৈরি করা বিভিন্ন বুটের স্মৃতি এবং সেগুলো পরা অসংখ্য শিশুর মধ্যে নিজের ছোটবেলার প্রতিচ্ছবি খুঁজে পাওয়ার কথাও তুলে ধরেছেন তিনি।
নাইকির সঙ্গে সম্পর্ক শেষ হলেও ক্রীড়াসামগ্রীর জগত থেকে দূরে যাচ্ছেন না এমবাপ্পে। বরং অনের ফুটবল অঙ্গনে প্রবেশের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন তিনি। বৈশ্বিক দূত হিসেবে কাজ করার পাশাপাশি প্রতিষ্ঠানটির সঙ্গে ফুটবল বুট ও অন্যান্য পণ্য উন্নয়নেও যুক্ত থাকবেন এই ফরাসি তারকা। চুক্তির অংশ হিসেবে অনে শেয়ারও পেয়েছেন তিনি। প্রতিষ্ঠানটি ২০২৭ সালে বাজারে নিজেদের প্রথম ফুটবল বুট আনার পরিকল্পনা করেছে।
নতুন পথচলা নিয়ে এমবাপ্পে জানিয়েছেন, অনের সঙ্গে কাজ করার সুযোগ তাকে নতুন কিছু তৈরি করার এবং ফুটবলের ভবিষ্যৎ গঠনে নিজের অভিজ্ঞতা ও ভাবনা কাজে লাগানোর সুযোগ দিচ্ছে। দুই দশকের নাইকি-অধ্যায়ের সমাপ্তির পর অনের সঙ্গে তার এই নতুন যাত্রা যে ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য নতুন অধ্যায়, তা তার বক্তব্যেই স্পষ্ট।



