ভাবুন তো, যে তিন বন্ধু একদিন আমাদের শিখিয়েছিল সফলতার পেছনে না ছুটে যোগ্যতার পেছনে ছুটতে, তারা যদি আবারও ফিরে আসে! হ্যাঁ, দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার পর ভক্তদের জন্য এমনই এক দারুণ খবর নিয়ে এসেছেন বলিউড সুপারস্টার আমির খান । অবশেষে রূপালি পর্দায় আসতে চলেছে তুমুল জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় পর্ব বা সিক্যুয়েল ।
২০০৯ সালে চেতন ভগতের উপন্যাস অবলম্বনে পরিচালক রাজকুমার হিরানির এই সিনেমাটি দর্শকদের হৃদয়ে গভীর জায়গা করে নিয়েছিল । আমির খান এক সাক্ষাৎকারে নিজেই নিশ্চিত করেছেন যে, পরিচালক হিরানি এখন ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে কাজ করছেন এবং নতুন এই গল্পের মূল ধারণাটি তাঁর দারুণ লেগেছে ।
সবচেয়ে বড় চমক হলো, এবারের গল্পটি শুরু হবে আগের কাহিনির প্রায় দশ বছর পর থেকে ! অর্থাৎ, র্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনের পরবর্তী অধ্যায়ে কী ঘটছে, তা-ই এবার বড় পর্দায় দেখা যাবে । আগের ছবির মতোই এই ছবিতেও ভরপুর হাস্যরস থাকবে বলে নিশ্চিত করেছেন আমির । আর সবার প্রিয় চরিত্র ‘ফুনসুখ ওয়াংডু’ হিসেবে ফিরে আসার ব্যাপারে তিনি নিজেও বেশ উচ্ছ্বসিত ।
ভক্তরা এখন আবারও পর্দায় আমির, আর মাধবন, শারমান যোশী ও কারিনা কাপুরকে একসঙ্গে দেখার অপেক্ষায় দিন গুনছেন । তবে আমির খান বর্তমানে ব্যস্ত আছেন তাঁর ছেলে জুনায়েদ খানের নতুন ছবি ‘এক দিন’-এর প্রচারণায় । সবকিছু মিলিয়ে, দর্শকদের জন্য এই মুহূর্তে সবচেয়ে আনন্দের বার্তা হলো— ‘অল ইজ ওয়েল’ !



