হবিগঞ্জের বাহুবলের রবি কোস্টা বন্যপ্রাণী রক্ষায় এক অনন্য উদাহরণ তৈরি করেছেন। প্রায় ১৫ বছর ধরে কোনো বেতন, আনুষ্ঠানিক উদ্ধারকেন্দ্র কিংবা আধুনিক সরঞ্জাম ছাড়াই আহত ও বিপদগ্রস্ত বন্যপ্রাণী উদ্ধারে ছুটে বেড়াচ্ছেন তিনি।
জঙ্গল থেকে কোনো প্রাণীর অস্বাভাবিক ডাক শোনা গেলে কিংবা লোকালয়ে সাপ বা অন্য কোনো বন্যপ্রাণী ঢুকে পড়লে খবর পেলেই ঘটনাস্থলে পৌঁছে যান রবি। তাঁর দাবি, দীর্ঘ এই সময়ে প্রায় ২ হাজার ৫০০ বন্যপ্রাণী, পাখি ও সাপকে তিনি উদ্ধার করেছেন। আহত প্রাণীদের নিজের সামর্থ্য অনুযায়ী বাড়িতে এনে পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসা দেন। সুস্থ হয়ে উঠলে তাদের আবার নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেন।
রবির কাজ শুধু উদ্ধারেই সীমাবদ্ধ নয়। ভয় বা ভুল ধারণার কারণে মানুষ যেন সাপসহ অন্য বন্যপ্রাণী হত্যা না করে, সে বিষয়েও স্থানীয়দের সচেতন করেন তিনি। সীমিত সুযোগ-সুবিধা আর নিজের সময় ও শ্রমকে কাজে লাগিয়ে বছরের পর বছর তাঁর এই প্রচেষ্টা বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে রবির এই নিরলস কাজ প্রমাণ করে, বড় কোনো প্রতিষ্ঠান বা বিপুল অর্থ নয়, একজন মানুষের আন্তরিক উদ্যোগও অসংখ্য প্রাণ বাঁচাতে পারে।



