২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১১টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুরোধে কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময়সূচি পরিবর্তন করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১১টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখও জানা গেছে। প্রতিষ্ঠানভেদে ভর্তি পরীক্ষার সময়সূচি ও আবেদনের তারিখ নিচে তুলে ধরা হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়: ইউজিসির অনুরোধের পরও পূর্বঘোষিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। আগামী ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: পূর্বনির্ধারিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বুধবার (১১ নভেম্বর) ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ‘এ’, ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ১৫ নভেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বুধবার (১১ নভেম্বর) ভর্তি কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আবেদনের সময়সূচি অপরিবর্তিত রয়েছে। আগামী ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল প্রকাশের পর তাঁদের আবেদনের জন্য অতিরিক্ত পাঁচ থেকে সাত দিন সময় দেওয়া হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি ‘সি’, ৩০ জানুয়ারি ‘এ’, ৫ ফেব্রুয়ারি ‘বি’ এবং ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। এ ছাড়া ৩ ফেব্রুয়ারি ‘বি-১’, ৪ ফেব্রুয়ারি ‘বি-২’ এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্পূরক পরীক্ষার্থীদের আবেদনের সুযোগ দিতে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১২ জানুয়ারি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ সময় শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সূচি পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা জানানো হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট): বুয়েটে আগামী ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আবেদন শুরু হবে ২১ নভেম্বর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হবে না। তবে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য আলাদা সুযোগ রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
খুলনা বিশ্ববিদ্যালয়: খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ১৭ ও ১৮ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার কথা ছিল। মঙ্গলবার (১০ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত হয়।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট): কুয়েটে আগামী ৮ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির ১৭টি বিভাগে মোট এক হাজার ১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার আবেদনের যোগ্যতার কয়েকটি শর্ত শিথিল করেছে কর্তৃপক্ষ।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি): এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ৫ জানুয়ারি। এর আগে ১৫ ও ২২ জানুয়ারি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল।
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ: বিশ্ববিদ্যালয়টিতে আগামী ৩০ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে পরীক্ষার তারিখ ৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সময়সূচি পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। ঢাকার বিএএফ শাহীন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ২৬ ও ২৭ জানুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে পরিবর্তিত সময়সূচি জানানো হয়েছে।
মেডিকেল ও ডেন্টাল কলেজ: সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানিয়েছেন, নির্ধারিত তারিখেই পরীক্ষা নেওয়া হবে। এ জন্য ভর্তি নীতিমালা ও বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে।
এদিকে, ইউজিসির অনুরোধের পরও কয়েকটি বিশ্ববিদ্যালয় পূর্বঘোষিত সূচিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সম্পূরক পরীক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কিছু বিশ্ববিদ্যালয় তাঁদের আবেদনের জন্য অতিরিক্ত সময় দেওয়ার পাশাপাশি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।



