জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমালয় অঞ্চলে এক অভূতপূর্ব পরিবেশগত সংকট দেখা দিয়েছে। নতুন এক গবেষণায় উঠে এসেছে যে, হিমবাহ দ্রুত গলে যাওয়া এবং হিমবাহসৃষ্ট হ্রদগুলোর ক্রমবর্ধমান অস্থিরতার কারণে এই অঞ্চলটি চরম ঝুঁকিমুখী। পাহাড়ি এলাকায় পর্যবেক্ষণ বা নজরদারির ঘাটতি থাকায় বিপদ আরও ঘনীভূত হচ্ছে। সম্প্রতি নেপাল ও তিব্বতে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ১,৩০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হিমালয় অঞ্চলের এই ক্রমবর্ধমান প্রাকৃতিক বিপর্যয়কে স্পষ্ট করে তুলেছে।
বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান ‘সিস্টেমিক’ (Systemiq)-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হিমালয়ের হিমবাহগুলো এক দশক আগের তুলনায় বর্তমানে ৬৫ শতাংশ দ্রুত বরফ ও ভর হারাচ্ছে। সমন্বিত পর্বত উদ্যোগের অংশ হিসেবে আন্তর্জাতিক কেন্দ্র (ICIMOD) এবং জিবি পান্ত জাতীয় হিমালয় পরিবেশবিষয়ক প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় প্রতিবেদনটি তৈরি করা হয়। এতে জলবায়ুর দ্রুত অবনতির নজিরবিহীন পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
তবে এই সংকটের বিপরীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অপর্যাপ্ত নজরদারি। প্রতিবেদনে বলা হয়েছে, হিমালয়-কারাকোরাম অঞ্চলে আনুমানিক ৫০ হাজার হিমবাহ রয়েছে, যার মধ্যে মাত্র ২১টির মতো হিমবাহের ওপর নিয়মিত ও বিস্তারিত নজরদারি চালানো সম্ভব হচ্ছে। সঠিক নজরদারি ও কার্যকর পদক্ষেপের অভাব কাটিয়ে না উঠলে আগামীতে হিমালয় অঞ্চল আরও ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হতে পারে।



