ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি চার বছর আগে র্যাবের হাতে গ্রেপ্তারের ঘটনাকে ‘বেআইনি’ দাবি করে আবারও মুখ খুলেছেন। শুক্রবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ২০২১ সালের ৪ আগস্টের ওই ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরীমণির দাবি, তৎকালীন র্যাবের শীর্ষ কর্মকর্তার নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি বলেন, পরে মিথ্যা মামলায় রিমান্ড ও কারাভোগ করতে হয়েছে, যার ক্ষত আজও বহন করছেন। একই সঙ্গে হারানো সম্মান, মানসিক শান্তি ও মানুষের মনে তৈরি হওয়া নেতিবাচক ধারণার দায় রাষ্ট্র নেবে কি না— সেই প্রশ্নও তুলেছেন এই অভিনেত্রী। তবে তিনি প্রতিশোধ নয়, সত্য, ন্যায়বিচার এবং ভবিষ্যতে নির্দোষ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।



