হাজিদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে সৌদি আরবে চালু করা হয়েছে অত্যাধুনিক চালকহীন ‘রোবোবাস’। মদিনার ঐতিহাসিক কুবা মসজিদের আঙিনায় এই বাস চালু করেছে সৌদি আরবের পরিবহন কর্তৃপক্ষ। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেন্সরনির্ভর এই পরিবেশবান্ধব বাসগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারে। প্রতিটি বৈদ্যুতিক রোবোবাস একবারে ২০ জন পর্যন্ত যাত্রী বহন করতে পারে। এতে উন্নত লিডার প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই ভিড়ের মাঝে নিরাপদে চলতে সাহায্য করে। বর্তমানে প্রায় ৭০০ মিটারের একটি নির্দিষ্ট রুটে এটি পরীক্ষামূলকভাবে চলছে। এর কর্মদক্ষতা ও যাত্রী সুরক্ষা মূল্যায়নে ৬০ দিনের একটি ট্রায়াল প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ভিশন ২০৩০-এর অধীনে স্মার্ট ও টেকসই পরিবহন ব্যবস্থার অংশ হিসেবে এই উদ্যোগ ভবিষ্যতে পবিত্র স্থানগুলোতে হাজিদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।



