বর্তমান বিশ্বের সেরা ফুটবলার কে—এমন প্রশ্নের জবাবে নিজের নামই সবার ওপরে রাখলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। মেসি-রোনালদোদের সঙ্গে সেরার আলোচনায় থাকলেও এমবাপ্পে বলেন, তিনি সবসময় নিজেকেই বিশ্বের সেরা খেলোয়াড় মনে করেন। তবে সেরার বিচার ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে বলেও স্বীকার করেছেন তিনি।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। ৪৪ ম্যাচে করেছেন ৪২ গোল। দল কোনো ট্রফি জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ১০ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা এখন ২২, যা টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ।
দারুণ পারফরম্যান্সের কারণে ব্যালন ডি’অরের আলোচনাতেও জোরালোভাবে উঠে এসেছে এমবাপ্পের নাম। এ প্রসঙ্গে তিনি বলেন, রিয়াল মাদ্রিদের হয়ে খেললে স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের নাম ব্যালন ডি’অরের সঙ্গে যুক্ত হয়, কারণ রিয়াল বিশ্বের অন্যতম সেরা ক্লাব। গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ইতিহাস গড়ার পর এবার এই পুরস্কার জয়ের ভালো সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি।
তবে শেষ সিদ্ধান্ত ভোটারদের ওপরই থাকবে বলে জানিয়েছেন এমবাপ্পে। তার মতে, ভোটাররা নিজেদের বিবেচনা ও মূল্যায়নের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবেন। ২০২৩ সালে পিএসজির হয়ে ব্যালন ডি’অরে তৃতীয় হওয়াই এখন পর্যন্ত এই পুরস্কারে এমবাপ্পের সেরা অবস্থান।



