সমুদ্রের পানির নিচে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তিতে এক ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছেন চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সম্প্রতি দক্ষিণ চীন সাগরের উন্মুক্ত পানিতে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ মিটার (প্রায় ৩৩ ফুট) গভীরতায় বিশেষ সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের সফল পরীক্ষা চালানো হয়েছে। গত ১১ সেপ্টেম্বর বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘জুল’-এ (Joule) প্রকাশিত গবেষণাপত্রে জানানো হয়, এই পরীক্ষায় উৎপাদিত বিদ্যুৎ দিয়ে সফলভাবে ব্যাটারি চার্জ করা এবং এলইডি আলো জ্বালানো সম্ভব হয়েছে।
গবেষণায় দেখা যায়, পানির নিচে মাত্র ১০ মিটার গভীরে পৌঁছাতেই সূর্যালোকের প্রায় ৯০ শতাংশই হারিয়ে যায় এবং মাত্র ১০ শতাংশ আলো অবশিষ্ট থাকে। এছাড়া প্রচলিত সিলিকন সৌরকোষ পানির নিচে অবশিষ্ট থাকা নীলচে-সবুজ আলোকরশ্মিতে কার্যকরভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। এই সীমাবদ্ধতা কাটাতে বিজ্ঞানীরা ‘লেড-হ্যালাইড পেরোভস্কাইট’ (Lead-halide Perovskite) দিয়ে তৈরি বিশেষ ওয়াইড-ব্যান্ডগ্যাপ সৌরকোষ ব্যবহার করেছেন, যা অল্প আলোতেও অত্যন্ত দক্ষতার সাথে শক্তি সংগ্রহ করতে সক্ষম।
সমুদ্রের লোনা পানি ও তীব্র পানির চাপের ঝুঁকি মোকাবিলায় প্যানেলটিতে বিউটাইল রাবার, সুরক্ষাকাচ এবং স্বচ্ছ ইপক্সি পলিমারের বহুমাত্রিক প্রতিরক্ষামূলক স্তর ব্যবহার করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় এই সৌরকোষ টানা ১,০০০ ঘণ্টারও বেশি সময় সমুদ্রের তলদেশে থাকার পরও প্রায় ৯৯.৫৮ শতাংশ কার্যক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে। গবেষকরা আশা করছেন, এই যুগান্তকারী প্রযুক্তি ভবিষ্যতে সাগরের তলদেশে চালিত রোবট, সেন্সর এবং সাবমেরিন প্রযুক্তিতে স্বয়ংক্রিয় শক্তি সরবরাহ নিশ্চিত করবে।



