বিনোদন জগতে সৃজনশীল অভিনয়ের স্বীকৃতি হিসেবে ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন অভিনেতা শামীম জামান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই সম্মাননা অর্জন করলেন তিনি। তার অভিনীত নাটক ‘স্বামীর সুখ মনে মনে’-এর জন্য সেরা অভিনেতা হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির আয়োজনে গত ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মানিত করার পাশাপাশি মঞ্চ ও টেলিভিশনে অভিনয়ের জন্য শামীম জামানকে সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে শামীম জামান বলেন, সেরা পুরস্কার সবসময়ই তার কাছে আনন্দের পাশাপাশি একটি চ্যালেঞ্জ। একজন অভিনেতা হিসেবে দর্শকদের ভালোবাসাকেই তিনি সবচেয়ে বড় পুরস্কার মনে করেন। তবে এ ধরনের স্বীকৃতি তাকে আরও চ্যালেঞ্জিং ও মানসম্মত কাজ করার অনুপ্রেরণা দেয় এবং নিজের দায়িত্বও বাড়িয়ে দেয়। দ্বিতীয়বারের মতো ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়ে তিনি আনন্দিত বলেও জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান মার্গুব মোর্শেদ। প্রধান আলোচক ছিলেন রেজাবুদ্দৌলা চৌধুরী এবং উদ্বোধক ছিলেন লায়লা আনোয়ারা বেগম নিপা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিকুর রহমান।
দীর্ঘদিন ধরে গল্পনির্ভর ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন শামীম জামান। তার অভিনীত ‘স্বামীর সুখ মনে মনে’ নাটকটিও দর্শকমহলে প্রশংসা পেয়েছে। নতুন এই সম্মাননাকে আগামী দিনে আরও ভালো ও সৃজনশীল কাজ করার অনুপ্রেরণা হিসেবে দেখছেন এই অভিনেতা।



