ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমার মুক্তি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত বছরের অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হলেও এখনো পুরো কাজ শেষ হয়নি। ফলে চলতি বছরের ডিসেম্বরেও সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্মাণের শুরু থেকেই আলোচনায় থাকা সিনেমাটির ডাবিংয়ের বড় অংশ শেষ করেছেন শাকিব খান। তবে এখনো প্রায় নয় দিনের শুটিং বাকি থাকায় কাজ শেষ করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, একাধিকবার শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হলেও পরিচালক সাকিব ফাহাদ ও নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন নির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি। ঈদুল আজহায় শাকিব খানের ‘রকস্টার’ মুক্তির পর এবং গত আগস্টে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরও তাঁর শিডিউল অনুযায়ী ‘সোলজার’-এর শুটিং করা সম্ভব হয়নি। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শাকিব খানের ম্যানেজার মনির জামান। তাঁর দাবি, বারবার শিডিউল নেওয়া হলেও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। যে পরিমাণ সময় নেওয়া হয়েছিল, তাতে অনায়াসেই দুই থেকে তিনটি সিনেমার কাজ শেষ করা সম্ভব হতো। গত কয়েক বছরে শাকিব খানের কোনো সিনেমার ক্ষেত্রে এমন দীর্ঘসূত্রতা দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, সিনেমাটির শুটিং আটকে থাকার পেছনে শিল্পী ও টেকনিশিয়ানদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক টেকনিশিয়ানের দাবি, অধিকাংশ কলাকুশলী এখনো তাঁদের পাওনা বুঝে পাননি। বকেয়া পরিশোধ না হওয়ায় নতুন করে শুটিংয়ের সময় দিতে অনেকে অনাগ্রহী। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। তাঁর বক্তব্য, শুটিং শেষ হওয়ার আগে পুরো পারিশ্রমিক পরিশোধ করার নিয়ম নেই। কাজ শেষ হলে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা এবং টিজার প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
বর্তমানে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। চলতি মাসের শেষ দিকে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমার কাজ শুরু করবেন তিনি। পরবর্তী সময়ে হিমেল আশরাফের ‘মহব্বত’ সিনেমার শুটিংয়েও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। ফলে ব্যস্ত শিডিউলের ফাঁকে ‘সোলজার’-এর বাকি নয় দিনের শুটিং শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সব মিলিয়ে সিনেমাটির মুক্তির সময়সূচি এখনো চূড়ান্ত নয়।



