ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস জানিয়েছে, লিবিয়া বা অন্য কোনো দেশ হয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় আইন কার্যকরের পর ইতালি এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। সোমবার (১৫ জুন) এক বার্তায় দূতাবাস জানায়, গত ১২ জুন থেকে কার্যকর হওয়া নতুন আইনের আওতায় অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের সীমান্তেই আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। তারা ইতালিতে অবস্থান বা কাজ করার সুযোগ পাবে না।
দূতাবাস আরও সতর্ক করে জানিয়েছে, দালাল, মানবপাচারকারী ও অপরাধী চক্রের মিথ্যা আশ্বাসে প্রভাবিত হওয়া থেকে বাংলাদেশি নাগরিকদের বিরত থাকতে হবে। অর্থের বিনিময়ে অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা মানবপাচারকারী চক্রকে উৎসাহিত করে। তবে ইতালিতে বৈধভাবে কাজ ও বসবাসের নানা সুযোগ রয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য হাজার হাজার কর্মসংস্থানভিত্তিক ভিসা, পারিবারিক পুনর্মিলন ভিসা এবং শিক্ষার্থী ভিসা ইস্যু করা হয়েছে। এসব সুবিধা পেতে অবশ্যই বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ইতালিতে যেতে আগ্রহীদের প্রতি দূতাবাসের আহ্বান, নিয়ম মেনে আবেদন করে নিরাপদ ও বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এতে ঝুঁকি এড়ানোর পাশাপাশি আইনগত সুযোগ-সুবিধাও নিশ্চিত করা সম্ভব।



