মুক্তির মাত্র চার দিনের মধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। দুর্দান্ত সূচনার মাধ্যমে সিনেমাটি ইতোমধ্যেই বিশ্বব্যাপী আয়ের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। একের পর এক মাইলফলক স্পর্শ করা এই সুপারহিরো চলচ্চিত্রের পরবর্তী লক্ষ্য এখন ২ বিলিয়ন ডলারের আয়ের ঘর স্পর্শ করা।
গত ৩১ জুলাই মুক্তি পাওয়া সিনেমাটি এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৯২৭ মিলিয়ন ডলার আয় করেছে, যা সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গ্লোবাল ওপেনিং উইকএন্ডের রেকর্ড। এ তালিকায় এখনো শীর্ষে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যার উদ্বোধনী আয় ছিল ১.২ বিলিয়ন ডলার। তবে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ইতোমধ্যেই পেছনে ফেলেছে মার্ভেলের আরেক জনপ্রিয় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-কে।
সিনেমাটির এই বিশাল সাফল্যের পেছনে আন্তর্জাতিক বাজারের অবদান সবচেয়ে বেশি। মোট আয়ের মধ্যে উত্তর আমেরিকার বাইরের বিভিন্ন দেশ থেকেই এসেছে ৫৭২ মিলিয়ন ডলার, আর যুক্তরাষ্ট্র ও কানাডার বাজার থেকে এসেছে ৩৫৫ মিলিয়ন ডলার। বিশেষ করে চীনের বক্স অফিসে ছবিটির পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। দেশটিতে সিনেমাটি আয় করেছে ১২১ মিলিয়ন ডলার, যা সাম্প্রতিক সময়ে হলিউডের ছবিগুলোর জন্য একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
রেকর্ড গড়া এই সূচনার পর বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ খুব সহজেই ২ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে। এর আগে বিশ্বে মাত্র সাতটি সিনেমা এই বিরল অর্জনের কৃতিত্ব দেখাতে পেরেছে। টম হল্যান্ডের আগের সিনেমা ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ চীনে মুক্তি না পেলেও প্রায় ১.৯ বিলিয়ন ডলার আয় করেছিল। ফলে নতুন সিনেমাটির বর্তমান গতি বিবেচনায় ২ বিলিয়ন ডলারের ক্লাবে নাম লেখানো এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
সূত্র: হলিউড রিপোর্টার



