রাজধানী ঢাকার তেজগাঁওয়ের কনভেনশন সেন্টার ‘আলোকী’-তে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক আর্ট ফেয়ার ‘আর্ট ঢাকা’। গত ৫ নভেম্বর এক বিশেষ প্রিভিউয়ের মাধ্যমে উদ্বোধনের পর ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রদর্শনীটি সাধারণ দর্শনার্থী ও শিল্পপ্রেমীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
বাংলাদেশের সমৃদ্ধ শিল্প ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি সমকালীন শিল্পচর্চাকে উৎসাহিত করতে এই আর্ট ফেয়ারের আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে দেশ-বিদেশের ১৩০ জনেরও বেশি প্রখ্যাত ও উদীয়মান শিল্পীর চিত্রকর্ম, ভাস্কর্য, প্রিন্টমেকিং ও সমসাময়িক নানা শিল্পকর্ম স্থান পেয়েছে। এতে বিভিন্ন প্রজন্মের শিল্পীদের কাজ একই ছাদের নিচে প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।
কেবল শিল্পকর্ম প্রদর্শনই নয়, এই মেলায় স্থান পেয়েছে শিল্পবিষয়ক বিশেষ আলোচনা সভা, পারফর্ম্যান্স আর্ট ও সাংস্কৃতিক আয়োজন। আয়োজকদের মতে, ‘আর্ট ঢাকা’ শিল্পপ্রেমী ও সংগ্রাহকদের সঙ্গে শিল্পীদের সরাসরি সংযোগ ঘটাতে এবং দেশের শিল্প-সংস্কৃতির বাজার প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



