
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম বার্ষিক “South Asian Boishakhi Celebration”-দক্ষিণ এশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক বর্ণিল মিলনমেলা। আগামী শনিবার (২৫ এপ্রিল ২০২৬) শ্যাডি গ্রোভ মিডল স্কুল প্রাঙ্গণে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এ আয়োজন চলবে।
বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, শ্রীলঙ্কান, নেপালি ও ভুটানি কমিউনিটির অংশগ্রহণে উৎসবটি বহুজাতিক সংস্কৃতির এক প্রাণবন্ত মঞ্চে পরিণত হবে। দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন ঐতিহ্যবাহী খাবার, পেস্ট্রি, সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো ও ডিজাইনার প্রদর্শনী।শিশুদের জন্য থাকবে ফেস পেইন্টিং, মেহেদি, বিভিন্ন গেমসসহ নানা বিনোদনের ব্যবস্থা। পাশাপাশি শপিং ও প্রদর্শনীর জন্য বিভিন্ন স্টল বসবে, যেখানে অংশ নিতে পারবেন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন কংগ্রেসওম্যান এপ্রিল ডিল্যানি, মন্টগোমারি কাউন্টির এক্সিকিউটিভ মার্ক এলরিচ, কাউন্সিল প্রেসিডেন্ট ন্যাটালি ফানি-গনজালেজসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Bangladeshi American Council (BAC)-এর আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবটি প্রবাসে দক্ষিণ এশীয় সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি কমিউনিটির মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা করছেন আয়োজকরা।


