আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। শুক্রবার রাতে আর্জেন্টিনার রোসারিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছর বয়সে তার মৃত্যু হয়। শনিবার মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। এ ঘটনায় আর্জেন্টিনাসহ বিশ্ব ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবায়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তবে তার অসুস্থতার বিস্তারিত বা মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি। হাসপাতাল সূত্র জানিয়েছে, শেষ সময় পর্যন্ত চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি।
নিউয়েলস ওল্ড বয়েজ এক বিবৃতিতে হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। ক্লাবটির ভাষ্য অনুযায়ী, তিনি ছিলেন তাদের একনিষ্ঠ সমর্থক, সফল ব্যবসায়ী এবং বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির বাবা। স্ত্রী সেলিয়া কুচ্চিত্তিনির সঙ্গে তিনি ভালোবাসা, শৃঙ্খলা ও দূরদর্শিতার মাধ্যমে মেসির ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রোসারিওর মালভিনাস মাঠে ছেলের ফুটবলের শুরুর দিনগুলো থেকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো পর্যন্ত হোর্হে মেসি ছিলেন তার অন্যতম প্রধান সহযাত্রী।
সদ্য সমাপ্ত বিশ্বকাপ চলাকালেই হোর্হে মেসির শারীরিক অবস্থার অবনতির খবর সামনে আসে। আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর মাঠেই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন মেসি। পরে তিনি জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সে সময় তার পরিবার জানায়, হোর্হে একটি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়লেও পরিবার তা সরাসরি নাকচ করেছিল।
লিওনেল মেসির জীবনে হোর্হে শুধু একজন বাবা ছিলেন না, তিনি ছিলেন ছেলের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পথপ্রদর্শক ও প্রতিনিধি। শৈশবে মেসির শারীরিক সমস্যার চিকিৎসার জন্য বিভিন্ন ক্লাবের সঙ্গে যোগাযোগের পাশাপাশি পরবর্তীতে ছেলেকে নিয়ে স্পেনে পাড়ি জমান তিনি। বার্সেলোনায় মেসির শুরুর কঠিন সময়েও সবসময় পাশে ছিলেন। পেশাদার ক্যারিয়ারে চুক্তি, দলবদল ও অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রেও হোর্হে মেসি দীর্ঘদিন ছেলের প্রতিনিধিত্ব করেছেন।
মৃত্যুকালে স্ত্রী সেলিয়া কুচ্চিত্তিনি এবং চার সন্তান—লিওনেল, রদ্রিগো, মাতিয়াস ও মারিয়া সোলকে রেখে গেছেন হোর্হে মেসি। তার মৃত্যুতে পরিবার, স্বজন, মেসির ভক্ত ও ফুটবলাঙ্গনে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।



