মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাচ্ছেন প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা। সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধনকালে রেলমন্ত্রী শেখ রবিউল আলম এ ঘোষণা দেন। তিনি আরও জানান, ঈদুল আজহার পর মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্যও ২৫ শতাংশ ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে, তবে তাদের পরিচয় যাচাইয়ের পদ্ধতি নির্ধারণে কিছুটা সময় লাগবে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দেওয়া শর্ত অনুযায়ী, এই ছাড় শুধু একক যাত্রার টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সুবিধা পেতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের মাধ্যমে যাত্রীর তথ্য, আঙুলের ছাপ ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট সফটওয়্যার বা অ্যাপে সংরক্ষণ করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে যাত্রীকে একটি ইউনিক আইডি ও নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। প্রতিবার একজন যাত্রী একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ একটি রেয়াতকৃত টিকিট কিনতে পারবেন, যা অন্য কাউকে হস্তান্তর করা যাবে না। হস্তান্তরের প্রমাণ পেলে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া রেয়াতপ্রাপ্ত যাত্রীরা টিকিট গ্রহণে অগ্রাধিকার সুবিধাও পাবেন।
অন্যদিকে, ঈদযাত্রায় নারী যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ঢাকা-চট্টগ্রাম রুটের ‘সোনার বাংলা’ ও ঢাকা-সিলেট আন্তঃনগর ট্রেনে একটি করে বিশেষ কোচ শুধু নারীদের জন্য সংরক্ষণ করা হয়েছে। ঈদের আগ পর্যন্ত এ সুবিধা চালু থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।



