ভারতের কাছে বড় ব্যবধানে হারের ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়ে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা। ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশের মেয়েরা।
রাজধানীর পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই জয়ের ভিত গড়ে নেয় বাংলাদেশ। জমাট রক্ষণ ও দ্রুত প্রতি-আক্রমণে মালদ্বীপকে আটকে রেখে বিরতিতে ১৭-৫ গোলে এগিয়ে ছিল স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ। এ পর্বে তারা ১৫ গোল করলেও বাংলাদেশ করে আরও ১৬ গোল। ফলে শেষ পর্যন্ত ১৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ আটটি গোল করেন সানজিদা আক্তার। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। মিষ্টি খাতুন ও সাকিবা শাম্মী করেন চারটি করে গোল, আর অধিনায়ক ইসমেতারা নিশির সংগ্রহে ছিল তিন গোল। অন্যদিকে মালদ্বীপের হয়ে সর্বোচ্চ নয়টি গোল করেন ফাতিমাথ জুনা।
নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৪৭-১৩ গোলে হেরে যায় দলটি। মালদ্বীপের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে সেই পরাজয়ের ধাক্কা কাটিয়ে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্বাগতিকরা। অন্যদিকে দিনের অপর ম্যাচে নেপালকে ২৬-১১ গোলে হারিয়ে তিন ম্যাচের সব কটিতে জিতে অপরাজিতভাবে ফাইনালে উঠেছে ভারত।
আগামী পরশু বিকেল ৩টায় শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আগামীকাল দুপুর ২টায় ব্রোঞ্জ পদকের লড়াইয়ে খেলবে নেপাল ও মালদ্বীপ।



