আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জার্মানির ইউনিভার্সিটি অব টিউবিনজেনের গবেষকেরা কাকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যাচাই করতে একটি পরীক্ষা পরিচালনা করেন। গবেষণার ফল প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ।
পরীক্ষায় কাকের সামনে একটি টাচস্ক্রিনে চলমান কিছু বিন্দু দেখানো হয়। বিন্দুগুলো ডান দিকে যাচ্ছে, নাকি বাম দিকে—তা শনাক্ত করে স্ক্রিনের সংশ্লিষ্ট পাশে ঠোকর দেওয়ার মাধ্যমে উত্তর দিতে হতো পাখিগুলোকে। গবেষকেরা দেখতে পান, বিন্দুগুলোর গতিপথ স্পষ্ট না হলেও কাক অনেক ক্ষেত্রে সঠিকভাবে দিক শনাক্ত করতে পেরেছে। মাত্র ২৩৫ মিলিসেকেন্ডে সিদ্ধান্ত নেওয়ার এই গতি চোখের পলক ফেলার সময়ের চেয়েও কম।
গবেষকদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, মানুষের মস্তিষ্কের গঠনের সঙ্গে কাকের মস্তিষ্কের যথেষ্ট পার্থক্য থাকলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উভয়ের মস্তিষ্কে কিছুটা একই ধরনের প্রক্রিয়া কাজ করতে পারে। তবে কাকের এই অসাধারণ সক্ষমতার পেছনে ঠিক কোন জৈবিক প্রক্রিয়া কাজ করে, তা এখনো নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা।
এর আগে ২০২৪ সালের মে মাসে একই বিশ্ববিদ্যালয়ের আরেক গবেষণায় দেখা যায়, কাক এক থেকে চার পর্যন্ত গুনতে পারে। এমনকি পর্দায় প্রদর্শিত সংখ্যার সঙ্গে মিল রেখে নির্দিষ্টসংখ্যক ডাকও দিতে পারে পাখিটি। নতুন এই গবেষণা কাকের বুদ্ধিমত্তা, দ্রুত চিন্তাভাবনা এবং তথ্য বিশ্লেষণের ক্ষমতা সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাকে আরও সমৃদ্ধ করেছে।
সূত্র: ডনিয়া নিউজ



