ময়মনসিংহ অঞ্চলে বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে পরামর্শক নিয়োগের মাধ্যমে সমীক্ষার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। সমীক্ষায় কতটি উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক দিয়ে উড়োজাহাজ অবতরণ করবে, অবতরণের পথ কত দূর পর্যন্ত বিস্তৃত হবে এবং বিমানবন্দরের সামগ্রিক সক্ষমতা কেমন হবে—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এটি বড় ও জটিল একটি পরিকল্পনা উল্লেখ করে মন্ত্রী জানান, এ বিষয়ে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রমও চলমান রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রিশালের রাশেদুল ইসলাম সম্মেলন হলে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান।
মন্ত্রী বলেন, বগুড়ার বিমানবন্দর প্রকল্পের কাজ অনেক দূর এগিয়েছে। তাই সেটি আগে বাস্তবায়ন করা হবে। বগুড়া দেশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে উত্তরাঞ্চলের জেলাগুলোর পণ্য পরিবহনের কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। বগুড়ার প্রকল্পের কাজ শুরু হওয়ার পর এক থেকে দুই বছর সময় নিয়ে ময়মনসিংহের বিমানবন্দর প্রকল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এম. রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, ময়মনসিংহে বিমানবন্দর নির্মিত হলে শুধু বৃহত্তর ময়মনসিংহ নয়, ঢাকার পরবর্তী উত্তরাঞ্চলের বিস্তৃত এলাকাজুড়েও অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ সৃষ্টি হবে। বিমানবন্দর নির্মাণের সঙ্গে কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো জড়িত। দায়িত্বে থাকাকালে প্রকল্পটি বাস্তবায়ন করতে পারলে তা তাঁর জীবনের একটি মাইলফলক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
বিমান পরিবহন খাতে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক তুরস্ক সফরে দেশটির সঙ্গে এ খাতে সহযোগিতার বিষয়টি আলোচনায় এসেছে। তুরস্কের সহযোগিতা পাওয়া গেলে দেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। এ বিষয়ে বিমান পরিবহন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার উদ্যোগও নেওয়া হচ্ছে।
কক্সবাজার বিমানবন্দরকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটক আকর্ষণের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, কাঠমান্ডু, মালয়েশিয়া ও চীনের কুনমিংয়ের সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। পর্যটকদের যাতায়াত বাড়ানোর লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কক্সবাজার বিমানবন্দরকে বড় আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে পর্যটনকেন্দ্রিক বিমান যোগাযোগের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন প্রসঙ্গে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুরের স্বাস্থ্যসেবা, যোগাযোগ এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে এসব অঞ্চলের চিকিৎসক সংকটকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্যদের জন্য বড় পরিসরে কাজের প্রস্তুতির কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রত্যেক সংসদ সদস্যের এলাকায় ন্যূনতম ৫০০ কোটি টাকার গ্রামীণ উন্নয়নকাজ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিসেম্বরের পর উন্নয়নকাজের পরিমাণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
ত্রিশালের পর্যটন সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, নজরুল বর্ষ ঘোষণা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালকে কেন্দ্র করে পর্যটন উন্নয়নের ব্যাপক সুযোগ রয়েছে। আধুনিক পর্যটন নগরী হিসেবে ত্রিশালকে গড়ে তুলতে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষিত ও উন্নত সমাজ গড়ে তুলতে মাদক নির্মূলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে দেশের বিনিয়োগ, বিদ্যুৎ, গ্যাস, শিল্পায়ন ও শিক্ষা খাতের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন বিমানমন্ত্রী। তিনি জানান, দেশে গাড়ি উৎপাদন, সৌরবিদ্যুৎ ও গ্যাস অনুসন্ধানসহ বিভিন্ন বড় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষার বিস্তার এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



