ব্র্যাক ইউনিভার্সিটি তার শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো অফিশিয়াল মার্চেন্ডাইজ শপ চালু করেছে। গত ২৭ এপ্রিল, ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ শপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবার এবং প্রাক্তন শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্র্যান্ডের পণ্যগুলো এক ছাদের নিচে নিয়ে আসা হয়েছে।
নতুন এই শপটি মেরুল বাড্ডা ক্যাম্পাসের নিচতলায় (Ground Floor) অবস্থিত। এখানে বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত বিভিন্ন প্রয়োজনীয় পণ্য বা ‘ক্যাম্পাস এসেনশিয়ালস’ পাওয়া যাচ্ছে। যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পোশাক, স্টেশনারি এবং লাইফস্টাইল অ্যাকসেসরিজ, যা শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ের পরিচয় ও একাত্মতা আরও বাড়িয়ে তুলবে।
একটি নির্দিষ্ট ও স্থায়ী শপ চালুর মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি তাদের প্রাতিষ্ঠানিক মান বজায় রেখে মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করছে। বর্তমানে শপটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং ক্যাম্পাসের নির্ধারিত সময়ে যে কেউ এখান থেকে কেনাকাটা করতে পারবেন।



