বাংলাদেশের নাম বিশ্বের দরবারে আবারো এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন প্রখ্যাত দুঃসাহসী পর্যটক নাজমুন নাহার। ভুটান ভ্রমণের মাধ্যমে তিনি বিশ্বের ১৮৫টি দেশ ভ্রমণের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছেন। প্রথম বাংলাদেশী এবং বিশ্বজুড়ে প্রথম মুসলিম নারী হিসেবে এই অসামান্য রেকর্ডটি গড়েছেন তিনি। গত ২৬ বছর ধরে চলা এই অভাবনীয় যাত্রায় তিনি পৃথিবীর ১,২৯৪টিরও বেশি স্থানে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে গর্বের সাথে উড়িয়েছেন।
নাজমুন নাহারের এই বিশ্বভ্রমণের সূত্রপাত হয়েছিল ২০০০ সালে ভারতে একটি আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে। পরবর্তীতে সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জনের পর তিনি বিশ্ব অনুসন্ধানে আরও গভীরভাবে মনোনিবেশ করেন। দীর্ঘ পথচলায় দুর্গম পাহাড়, সাহারা মরুভূমির ধূলিঝড় ও দুর্গম সীমানা পেরিয়ে স্থলপথে ভ্রমণের সময় নানা প্রাণঘাতী ঝুঁকির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। প্রতিটি ধাপ পেরিয়ে ২০২৪ সালে ১৭৫তম এবং ২০২৫ সালের শেষের দিকে ১৮৪তম দেশ হিসেবে বাহামা ভ্রমণ শেষ করার পর সম্প্রতি ভুটানে গিয়ে অর্জন করেন ১৮৫তম দেশের মাইলফলক
ভ্রমণ কেবল তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা অর্জনের মাধ্যম নয়; বরং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে ইতিবাচকভাবে উপস্থাপন করাই তাঁর মূল লক্ষ্য। ভ্রমণের পাশাপাশি বিশ্বজুড়ে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে দাঁড়িয়ে তিনি পরিবেশ সুরক্ষা, বাল্যবিবাহ রোধ এবং যুদ্ধের বিরুদ্ধে বিশ্বশান্তির (“No War, Only Peace”) বার্তা পৌঁছে দিচ্ছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর এই মানবিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত সম্মানজনক ‘পিস টর্চ বেয়ারার অ্যাওয়ার্ড’সহ তিনি দেশ-বিদেশের নানা খেতাবে ভূষিত হয়েছেন।



